অবশেষে বিশ্বব্যাপী চালু হলো হোয়াটসঅ্যাপের ড্রাফট ফিচার
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অবশেষে ড্রাফট ফিচার চালু করেছে। তবে, এতদিন পর ২০২৪ সালের শেষ দিকে এসে এই সাধারণ ফিচারটি চালু করতে এত দেরি হলো কেন, তা অজানা। কিন্তু যাই হোক, এখন এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। খবর এনগ্যাজেট।
মেসেজ ড্রাফট নামের এই নতুন ফিচারটি ‘অসম্পূর্ণ মেসেজ খুঁজে বের করার একটি সহজ উপায়’ দেবে। কোনো মেসেজ অসম্পূর্ণ রেখে দিলে সেটির শুরুতে ‘ড্রাফট’ ইন্ডিকেটর দেখতে পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অসমাপ্ত মেসেজগুলো চ্যাট লিস্টের উপরে চলে আসবে, যাতে এগুলো দ্রুত খুঁজে পাওয়া যায়।
এই ফিচারটি মূলত অসমাপ্ত মেসেজ সংরক্ষণের জন্য, এর বেশি কিছু নয়। এখন থেকে মেসেজ শেষ করার জন্য আর তাড়াহুড়োর প্রয়োজন নেই। ব্যবহারকারীরা তাদের মনের মতো করে মেসেজ সম্পাদনা করতে পারবেন, যখন ইচ্ছা।
হোয়াটসঅ্যাপ সম্প্রতি একাধিক নতুন ফিচার যোগ করেছে। এর মধ্যে রয়েছে কাস্টম লিস্ট ফিচার, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট চ্যাটগুলোকে আলাদা করে রাখার সুযোগ দেবে। এছাড়াও, নতুন প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ডিভাইস থেকে সহজে কনট্যাক্ট যোগ করতে পারবেন।
এই নতুন ফিচারটি এখন বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ অ্যাপে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি







